ইন্দোনেশিয়া থেকে কয়লা আনায় চালু হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
কয়লা সংকটে বন্ধ হয়ে যাওয়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আবার চালু হচ্ছে। এ জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আনা হয়েছে।

গতকাল রবিবার বেলা ১০ টা ৪৫ মিনিটে মংলা বন্দরের হাড়বাড়ীয়া-১২ নম্বর বয়ায় নোঙ্গর করা ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজে করে এই কয়লা আনা হয়।

এই চালানে ৩১ হাজার ৭০০ টন কয়লা আনা হয়েছে জানিয়ে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট ৪৯ হাজার ৭০০ মেট্টিক টন কয়লা নিয়ে গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজ। এরপর গত ৫ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে ১৮ হাজার মেট্রিকটন কয়লা খালাস করে।

বাকি ৩১ হাজার ৭০০ টন কয়লা নিয়ে জাহাজটি রোববার মংলা বন্দরে এসেছে। সেখান থেকে ছোট লাইটার দিয়ে কয়লা নিয়ে যাওয়া হয় রামপাল বিদ্যুৎকেন্দ্রে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ার-উল আজিম জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি কয়লা মংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছালে দু’একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল। ১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ২৩ ডিসেম্বর।

0 Comments:

Post a Comment