সন্ত্রাসের পথে হাঁটলে দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ: কামরুল ইসলাম | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রগতি সহ্য করতে পারে না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। জাতীয় নির্বাচন নিয়ে তারা আবার সন্ত্রাসের পথে হাঁটলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

শনিবার (২২ জুলাই) কামরাঙ্গীরচরে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচির বিষয়ে কী করণীয়’ নির্ধারণ করতে আয়োজিত এক যৌথ সভায় সাবেক খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।কামরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। শেখ হাসিনা সরকারের পদত্যাগ এর  প্রশ্নই আসে না। বিএনপি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চায়। তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা আবার সন্ত্রাসের পথে হাঁটলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসগুলো অনৈতিক আচরণ করছে। কিন্তু আমেরিকায় প্রতিদিন শত শত মানুষ নিহত হওয়ার বিষয়টি নিয়ে কেউ কথা বলে না। বিদেশিদের প্ররোচিত করে বিএনপি জামায়াত। যারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে সেসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে সাবেক খাদ্যমন্ত্রী বলেন:যুদ্ধের প্রভাব কিছুটা হলেও বাংলাদেশে পড়েছে। সরকার পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ কখনো পাকিস্তান বা শ্রীলঙ্কা হবে না। এ দেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় কোন্দল ও প্রতিহিংসা করা যাবে না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো নির্বাচনে কেউ পরাজিত করতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সবসময় জয়লাভ করে।

0 Comments:

Post a Comment