১২ জেলায় রাত ১টার মধ্যে তীব্র ঝড়ের পূর্বাভাস | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঢাকাসহ ১২টি জেলায় আঘাত হানতে পারে এই ঝড়। এছাড়া বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এর দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সকাল ৯টা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং সেই সঙ্গে রাজশাহীর অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজারহাটে সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া হাতিয়ায় ৮৫, সৈয়দপুর ও বরিশালে ৬৩, ময়মনসিংহে ৬১, খেপুপাড়ায় ৫৯, ঢাকা ৫৬, দিনাজপুর ৫০, বগুড়ায় ৪৯, টাঙ্গাইল ৪৮, ডিমলায় ৪৭, কক্সবাজারে ৪৬ এবং রংপুরে মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে যে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসামে যাবে। এর আরেকটি অংশ বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরের উত্তরাংশে মাঝারি অবস্থায় রয়েছে।

0 Comments:

Post a Comment