বিএনপি সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এবং অস্ত্র মজুদ করছে: ওবায়দুল কাদের | Sothik News | সঠিক নিউজ

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এবং অস্ত্র মজুদ করছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সবাই জানে খালি মাঠ পেলে সংঘর্ষ হবে। সীমান্ত থেকে বার্তা পাই সেখান থেকে তারা অস্ত্র কিনছে। চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের ঘাঁটি।নিজেদের তারা অস্ত্রে সজ্জিত করছে। আগ্নেয়াস্ত্র এনে মজুদ করছে।

দ্বন্দ্বের বিষয়ে ২৭ জুলাই একই দিনে আওয়ামী লীগের তিনটি অঙ্গসংগঠন সমাবেশ ডেকেছে বলে মির্জা ফখরুলের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও কিছু গণমাধ্যম এমন ধারণা প্রচার করছে যে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি বাস্তবায়ন করবে। পাল্টা কর্মসূচি কোথায়? আওয়ামী লীগে সংঘাত করবে কেন?যারা দুর্বল, যাদের জনসমর্থন নেই তারাই সংঘাত করে।

 তিনি বলেন, আওয়ামী লীগ সংঘাতমুক্ত, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং বর্তমান নির্বাচন ব্যবস্থায় জালিয়াতি বা কারচুপির কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের জানান, হেলায় তাদের আর সময় কাটানোর সুযোগ নেই। অলস থাকার উপায় নেই। নির্বাচনের আগ পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে, কোনো আপস হবে না। মাঠে থাকবো এবং কেউ সংঘাত করলে তার প্রতিরোধ করতে হবে। সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

তিনি বলেন, তারা জনগনকে বিশ্বাস করে না। তারা জানেন নির্বাচনের ফলাফল কেমন হবে।  বিএনপি এমন একটা দল, তাদেরকে নির্বাচনে জয়ের গ্যারান্টি দিতে হবে; তা না হলে চলমান নির্বাচন ব্যবস্থার উপর আস্থাশীল হবে না।

ওবায়দুল কাদের বলেন, শোকের মাসের কর্মসূচি নির্ধারণে এই পরামর্শ সভা ডাকা হয়েছে। তিনি বলেন, শোকের মাসে চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেখ কামালের জন্মদিনে ৫ আগস্ট বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেস মুজিবের জন্মদিন উপলক্ষে ৮ আগস্ট বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া ১৫ ও ২১ আগস্ট আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সভাপতিমন্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।


0 Comments:

Post a Comment