জাবের আহমেদ / সারির হাসানঃ কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাস্তায় বেড়েছে ভির। সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে আজ শনিবার (৩ জুলাই)। লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।
জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলে গত দু’দিনের মতো ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার ও জরিমানা করছেন। এছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাসির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
সকালে গত দুই দিনের তুলনায় ঢাকার শ্যামলী, কলাবাগান, পান্থপথ, ধানমন্ডি, বাংলামোটর, ফার্মগেট, খিলগাঁও, মগবাজার এলাকায় রিকশা ও ব্যক্তিগত গাড়ি কিছুটা বেশি চোখে পড়েছে। কারওয়ান বাজারে ও হাতিরপুল বাজারে মানুষের উপস্থিতি ছিল বেশি।
খিলগাঁও, বাংলামোটর, সার্ক ফোয়ারাসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি বসানো হয়েছে। রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রধান সড়কের তুলনায় রাজধানীর অলিগলিতে মানুষের জটলা কিছুটা বেশি চোখে পড়েছে।
করোনার সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ২১৩ জনকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে ৩২০ জনকে। এর আগের দিন আটক করা হয় ৫৫০ জনকে।

0 Comments:
Post a Comment