হঠাৎ করেই নেট জগতে ছড়িয়ে পড়ে এক স্ট্যাটাস। বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩টা ২ মিনিটে নিপুন স্ট্যাটাস প্রকাশ করেন। লিখেছিলেন, ‘আসলে সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের ভেতর তৃতীয় কেউ এলেই।’ হ্যাশট্যাগ দিয়ে আরও লিখেছেন, ‘অপলাপ’।
নিপুণের স্ট্যাটাসটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। শোবিজের অনেকেই শেয়ার করেছেন। অভিনেতা ইমতিয়াজ বর্ষণও শেয়ার করেছেন নিপুণের এই স্ট্যাটাস। আর নেটিজেনদের মনে প্রশ্ন: নিপুণের কী হলো হঠাৎ?
কীসের ইঙ্গিত দিলেন নিপুণ? স্ট্যাটাসের সূত্র ধরে জানতে চাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছে। হেসে উত্তর দিলেন, ‘ব্যক্তিগত জীবনের কিছু না। তবে বিষয়টি সত্যি।’
ধোঁয়াশা বাড়িয়ে দিলেন নিপুণ। খানিক বাদে বললেন, ‘এটি একটি ওয়েব ফিল্মের সংলাপ। নাম ‘অপলাপ’। কিছুদিন আগে এটির শুটিং শেষ করেছি।’ এবার আর বুঝতে বাকি রইল না। আপনার বিপরীতে ইমতিয়াজ বর্ষণ? উত্তরে নিপুণ বললেন, ‘জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বীসহ আরও অনেকে আছে।’
জানা গেছে, 'অপলাপ' প্রযোজনা করেছেন মোহাম্মদ আলী মেনা। গল্পটি লিখেছেন নাজেম আদলেহ। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে ছবিটি প্রদর্শিত হবে। খুব তারাতারি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আর সেই ধারাবাহিকতা মুক্তি পাবে চলতি মাসের শেষের দিকে।

0 Comments:
Post a Comment