সারিব হাসান / মাসুদ রানাঃ বগুড়ায় জেলার ১২ উপজেলার প্রায় সাত হাজার মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন-কেন্দ্রীয় ঈদগাহের ইমাম মুফতি মাওলানা আবদুল কাদের। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
কেন্দ্রীয় বড় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। ইমামতি করেন মাওলানা আজগর আলী। এই মসজিদে সকাল সোয়া ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত কালেক্টরেট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এখানে ঈদের নামাজে অংশ নেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক।
এছাড়া শহরের কলোনি এলাকার জামিল মাদ্রাসায় সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চকসুত্রাপুর জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন বাইতুল হাফিজ জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এছাড়া জেলার অন্যান্য মসজিদে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক মো. শাহজাহান বলেন, জেলার ১২ উপজেলায় ৬ হাজার ৯৪৩টি মসজিদ রয়েছে। সকল মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ অনুষ্ঠিত হয়েছে। মসজিদে প্রবেশের আগে মুসল্লিরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন। কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদে প্রবেশমুখে মেটাল ডিটেক্টর বসানো হয়।
বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বগুড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, করোনা মহামারি জয় করে সমৃদ্ধ আগামী গড়তে আসুন-সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি।

0 Comments:
Post a Comment